কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে সাংবাদিক নির্যাতন মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে বেলা ১১টার দিকে সুলতানা পারভীন আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত উৎসুক জনতা সাবেক ডিসিকে এক নজর দেখার জন্য ভিড় জমায়।
রাষ্ট্রপক্ষে ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. বজলুর রশিদ ও অ্যাডভোকেট আজিজার রহমান দুলু। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ মার্চ রাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়। তাকে চোখ বেঁধে তুলে এনে ডিসি অফিসে নির্যাতন করা হয় এবং ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়। অভিযানে অংশ নেয় তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা। পরে অযৌক্তিকভাবে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগ দেখিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়।
এই ঘটনা সারা দেশে তীব্র সমালোচনার জন্ম দেয়। পরে কারামুক্ত হয়ে সাংবাদিক আরিফুল ইসলাম রিগান জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রধান আসামি করে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। সম্প্রতি হাইকোর্ট থেকে তিনি অন্তর্বর্তীকালীন জামিন পেলেও মঙ্গলবার স্থায়ী জামিন চেয়ে জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেন। আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।