মোঃ তাজুল ইসলাম, (সুবর্ণচর) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অবৈধভাবে অতিরিক্ত বালু বোঝাই করে চলাচলের অভিযোগে নয়টি ড্রামট্রাকের চালকসহ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭ টা থেকে রাত দশটা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে আসা বালুবাহী ট্রাকগুলো আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অতিরিক্ত বালু বোঝাই করে ড্রামট্রাক চলাচলের ফলে সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও জরাজীর্ণ হয়ে পড়েছে এমন একাধিক অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নদীর তীরবর্তী এলাকায় কিছু অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের অনুমতি ছাড়াই নৌকা ও বাল্কহেডের মাধ্যমে বালু উত্তোলন ও পরিবহন করে আসছে। এর ফলে একদিকে নদীর তীর ভাঙছে, অন্যদিকে গ্রামের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন বলেন, অবৈধভাবে বালু পরিবহনের কারণে যেমন রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে।
এ কারণে অনুমোদনহীন পরিবহন ও বালু ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।