বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের হাইকমিশনার জলিল রহিমি জাহানাবাদি। সোমবার দুপুরে ঢাকার মোহাম্মদপুরে মজলিসের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে ইরান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আমিরি, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও পররাষ্ট্র বিষয়ক নেতা ফারিদ খান উপস্থিত ছিলেন। বৈঠকে ইরানকে ঘিরে আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইস্যু এবং বৈশ্বিক জ্বালানি সংকট নিয়ে আলোচনা হয়।
মামুনুল হক ইরানের প্রতি সংহতি জানিয়ে সাম্প্রতিক ঘটনাবলিকে মুসলিম বিশ্বের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি তেলবাহী জাহাজ চলাচলে সহায়তার অনুরোধ জানান।
জবাবে ইরানের হাইকমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উভয় পক্ষই বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।