সোহেল রানা, সিংগাইর প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের ভাউদিপাড়া গ্রামের মোঃ কফিল উদ্দিনের বাড়িতে শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে।
তালা ভেঙে চোরেরা ঢুকে ২২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৬ লাখ ৯০ হাজার টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুটপাট করেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সকালে কফিল উদ্দিন ও পরিবারের অন্যান্য সদস্যরা মেয়েকে নিয়ে সাভারের প্রাইম হাসপাতালে চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় বাড়িতে ছিলেন না।
তবে ভোরে মোবাইল ফোনে খবর পেয়ে বাড়িতে এসে দেখেন ঘরের তালা ভেঙে রাখা স্টিলের আলমারি এবং আলমারির ভিতরের লকারও ভেঙে গেছে। চোরেরা মূল্যবান মালামাল নিয়ে যায়।
স্থানীয়রা জানান, ওইদিন বাড়ির আশেপাশে এক যুবক সন্দেহজনকভাবে কয়েকবার ঘোরাঘুরি করেছে।
বিষয়টি জানতে পেরে ওই যুবকের বাড়িতে গেলে তারা সবাই ঘর তালাবদ্ধ করে আত্মগোপনে চলে যায়। এ কারণে স্থানীয়রা সন্দেহ করেন, ওই যুবক চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম জানান, “চুরির অভিযোগ পেয়েছি এবং পুলিশ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”