লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু তালহা (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ঠা জানুয়ারি) দুপুরে উপজেলার বিছনদই এলাকার ০৭ নং ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবু তালহা ওই এলাকার ফজলুল হকের পুত্র।
ঘটনা সূত্র জানা গেছে, শনিবার দুপুরে আবু তালহা তার বাড়ির পাশ্ববর্তী মাদ্রাসায় বিদ্যুতের লাইন দিতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, আবু তালহা গতরাতে ফেসবুকে কবর নিয়ে পোস্ট করেন, যেখানে তিনি মৃত্যুর অস্থিরতা নিয়ে চিন্তা প্রকাশ করেছিলেন। ১৭ ঘণ্টা পরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মর্মান্তিক মৃত্যু ঘটে।
এ ঘটনায় এলাকার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। নিহতের পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্ন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেন, “এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই ঘটনা এলাকাবাসীর মধ্যে বিদ্যুৎ সংক্রান্ত নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেছে।