মুন্সিগঞ্জ প্রতিনিধি
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা এবং সুস্থ, দক্ষ মানবসম্পদ তৈরি করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশের জেলা স্টেডিয়ামগুলোতে একযোগে এই মেগা ক্রীড়া আয়োজনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা তুলে এনে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।
মুন্সিগঞ্জে শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান রতন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) জনাব মৌসুমী মাহবুব, পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক জনাব একেএম ইরাদত হোসেন মানুসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ক্রীড়া সংগঠক, কয়েকশ উদীয়মান খুদে খেলোয়াড় এবং ক্রীড়ামোদী দর্শকবৃন্দ। পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং একটি সুস্থ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ উদ্যোগ। দেশের প্রতিটি জেলা থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে ধাপে ধাপে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে শুরু হওয়া এই ক্রীড়া আয়োজনকে ঘিরে তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।