যাকাতকে চাঁদাবাজির সঙ্গে তুলনা করে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির নেতারা বলেছেন, এটি শুধু অগ্রহণযোগ্য নয়, বরং ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবাগাতুল্লাহ এ প্রতিক্রিয়া জানান। তারা অভিযোগ করেন, একটি টেলিভিশন টকশোতে নিলোফার চৌধুরী মনি জাকাতের মতো ইসলামের ফরজ বিধানকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন এবং চাঁদাবাজিকে তুলনামূলকভাবে ‘উত্তম’ হিসেবে উপস্থাপন করেছেন।
বিবৃতিতে বলা হয়, জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম, যা সমাজের দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত ও বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে চাঁদাবাজি একটি অপরাধমূলক কর্মকাণ্ড, যা জুলুম ও অন্যায়ের প্রতীক। এ দুইয়ের মধ্যে তুলনা করা দায়িত্বজ্ঞানহীন ও অগ্রহণযোগ্য।
ছাত্রশিবির নেতারা বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া দণ্ডনীয় অপরাধ। তারা সংশ্লিষ্ট বক্তব্য দ্রুত প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
এছাড়া সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কাছে এ বিষয়ে স্পষ্ট অবস্থান ব্যাখ্যার দাবি জানানো হয়। একই সঙ্গে প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়েছে।