মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর-শোলমারী সড়কে দু’টি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নাফ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার কণ্যা তাছলিমা খাতুন (৩৪) ও তার নাতি খাদিজা (৩)। তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ সোমবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মদ আমানুল্লাহ আল বারি জানান, সদর উপজেলার কামদেবপুর গ্রাম থেকে আব্দুল মান্নাফ তার মেয়ে তাছলিমা ও নাতি খাদিজাকে নিয়ে একটি মোটরাসইকেলযোগে মেয়ের শশুর বাড়ি শোলমারী যাচ্ছিলেন। মোটরসাইকেলটি শোলমারী সড়কের ইটভাটার কাছে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মান্নাফ। আহত হন তাছলিমা ও খাদিজা। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মোটরসাইকেলের অপর দুই আরোহী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ওসি আরো জানান, পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোন অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে ময়নাতদন্ত করে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।