ফয়সাল আহমাদ, শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুর উপজেলায় অজ্ঞাত এক কিশোরের পোড়া মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার সাতখামার আঞ্চলিক সড়ক সংলগ্ন বৃন্দাবন নামক স্থানে আগুনে পোড়া ওই মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে এলাকাবাসী সড়কের পাশে আগুনে পোড়া মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ জানায়, অজ্ঞাত ওই কিশোরের বয়স আনুমানিক ১৮ বছর। তার গলায় রশি বাঁধা ছিল এবং জিহ্বা বের হয়ে ছিল, যা থেকে প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া যাচ্ছে। ধারণা করা হয়, হত্যার পর কিশোরের লাশ পুড়ানোর চেষ্টা করা হয়।
শ্রীপুর থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে এখনো পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, কিশোরকে হত্যার পর বনের পাশে এনে মরদেহে আগুন দেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তসহ হত্যাকাণ্ডের বিভিন্ন দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।