আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর ফলে এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে গোলাম নবী আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন তার আইনজীবী অ্যাডভোকেট মো. আমিরুল ইসলাম বাছেদের মাধ্যমে ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়। ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়ম অনুযায়ী আবেদন গ্রহণ করা হয়েছে।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, গত ২৮ ডিসেম্বর বিএনপির প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং যাচাই-বাছাই শেষে ৩ জানুয়ারি তা বৈধ ঘোষণা করা হয়। তবে নিজের সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করলেও এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি।
প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের পাশাপাশি জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওবায়দুর রহমান বিন মোস্তফা, ন্যাশনাল পিপলস পার্টির মো. মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের মো. আইনুর রহমান জুয়েল এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আশ্রাফ আলী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিএনপি প্রার্থীর সরে দাঁড়ানোর মাধ্যমে ভোলা-১ আসনে জোট প্রার্থী হিসেবে আন্দালিব রহমান পার্থের নির্বাচনী পথ অনেকটাই সুগম হলো বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।