ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা-এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত জানান।
এর আগে গত ২৯ ডিসেম্বর রাজধানীর সবুজবাগ থানা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের ক্ষেত্রে নিজ নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশের সমর্থন সংগ্রহের শর্ত পূরণ করতে হয়েছিল তাকে।
নির্বাচনী হলফনামা অনুযায়ী, ডা. তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। চাকরি থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। পাশাপাশি দেশের বাইরে তার আয় রয়েছে ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। আয়কর হিসেবে তিনি পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা।
সম্পদের বিবরণে উল্লেখ করা হয়, তার নামে কোনো বাড়ি, ফ্ল্যাট, কৃষিজমি বা অকৃষিজমি নেই। তবে তার কাছে ২ লাখ ৫০ হাজার টাকার অলংকার রয়েছে। ব্যাংকে নিজের নামে জমা আছে ১০ হাজার ১৯ টাকা এবং হাতে নগদ রয়েছে ১৬ লাখ টাকা। এছাড়া তার কাছে রয়েছে ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড।
হলফনামায় আরও উল্লেখ করা হয়, ডা. তাসনিম জারার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তার কোনো ঋণ, দায় বা সরকারি পাওনাও নেই। পাশাপাশি স্বামী খালেদা সাইফুল্লাহ-এর সম্পদের তথ্যও হলফনামায় সংযুক্ত করা হয়েছে। স্বামীর হাতে নগদ রয়েছে ১৫ লাখ টাকা এবং ৬ হাজার ব্রিটিশ পাউন্ড। দেশের বাইরে তার আয় ৩৯ হাজার ৮০০ ব্রিটিশ পাউন্ড বলে উল্লেখ করা হয়েছে।