দীর্ঘ ১৭ বছর পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা ৬ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান। এ সময় দ্বিতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষমাণ নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তাকে এক নজর দেখতে নয়াপল্টনে সকাল থেকেই জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মীরা। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার সরাসরি উপস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।
কার্যালয়ে পৌঁছালে সেখানে উপস্থিত বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা তাকে অভ্যর্থনা জানান।
দলীয় সূত্র জানায়, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের উপস্থিতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে। একই সঙ্গে দীর্ঘদিনের নির্বাসিত জীবনের পর দেশের রাজনৈতিক মাঠে তার সক্রিয় ভূমিকা নেতাকর্মীদের মনোবল আরও দৃঢ় করবে বলে মনে করছেন দলটির নেতারা।
নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ের পর তিনি কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন এবং দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন।