মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিশেষ অভিযানে থানার লুট হওয়া একটি শটগানসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া তল্লাশি অভিযানে চরডুমুরিয়ার আনন্দপুর এলাকা থেকে অস্ত্রসহ কে এম সোহেল রানা (৪৬) কে গ্রেপ্তার করা হয়। তিনি একই ইউনিয়নের আমঘাটা গ্রামের দৌলত মাস্টারের ছেলে।
সেনাবাহিনী সোহেল রানাকে সাথে নিয়ে পরে মোল্লাকান্দির আশুরান এলাকায় রতন দেওয়ানের বাড়িতে অভিযান চালিয়ে একটি কার্তুজ উদ্ধার করে। তবে রতন দেওয়ান পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়—উদ্ধার হওয়া শটগানটি চলতি বছরের ‘জুলাই গণঅভ্যুত্থান’ চলাকালে মুন্সিগঞ্জ সদর থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি।
রাজনৈতিক সহিংসতায় গত ১০ নভেম্বর মোল্লাকান্দিতে গুলিতে একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনার পর থেকে এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়, যার ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।
উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও আটক সোহেল রানাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে সন্ত্রাস, অপরাধী চক্র এবং অবৈধ অস্ত্রবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনসাধারণকে যেকোনো সন্দেহজনক আচরণ বা তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
এদিকে মোল্লাকান্দি ইউনিয়নে অবৈধ অস্ত্র উদ্ধারে বিলম্ব হওয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে স্থানীয়রা জানান।
গত ২০ দিনে দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতরা ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একাধিক মামলা হওয়া সত্ত্বেও চিহ্নিত সন্ত্রাসীরা ধরা না পড়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বাড়ছে।