বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ স্মৃতিচারণ করতে গিয়ে জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগের মুহূর্ত আজও তার জীবনে বড় অনুপ্রেরণা হয়ে আছে।
বুধবার (২৬ নভেম্বর) বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে উপজেলা ছাত্রশিবির আয়োজিত দোয়া–মিলাদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. মাসুদ বলেন, “ছাত্রজীবনে আমি যখন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি, তখন তিনি দেশের প্রধানমন্ত্রী। বিভিন্ন পর্যায়ের বক্তৃতা প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে তার হাত থেকে গোল্ড মেডেল গ্রহণ করেছিলাম। তখন তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন—‘তোমার বাড়ি কোথায়?’ আমি বলেছিলাম—বাউফলে। তখনই তিনি বলেছিলেন—‘অনেক দূর থেকে এসেছ তুমি? অনেক দূর যেতে হবে তোমাকে।’ তার সেই কথাটি আজও আমাকে প্রেরণা জোগায়।”
তিনি আরও বলেন, “তিনি তখনো জানতেন না আমি ছাত্রশিবির করি। এর পরও একজন তরুণকে উৎসাহ দিতে তিনি যেভাবে কথা বলেছিলেন—তা একজন উদারমনা নেত্রীর পক্ষেই সম্ভব।”
রাজনৈতিক অঙ্গনের আরেক স্মৃতি উল্লেখ করে ড. মাসুদ বলেন, “সর্বদলীয় ছাত্রঐক্যের বিভিন্ন সভায় বক্তব্য দিতে গেলে দায়িত্বশীলরা আমার হাতে বক্তব্য সংক্ষিপ্ত করার স্লিপ দিতেন। তখন খালেদা জিয়া বলতেন—‘ওকে স্লিপ দিও না, ও বলুক। ওর বক্তব্য শেষ হলে অনেকে চলে যাবে।’ এটা অহংকার থেকে নয়—তার নেতৃত্ব–মহানুভবতা থেকেই তিনি এমনটা বলতেন।”
তিনি বলেন, “আজ সেই বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি দেশের জন্য যে অবদান রেখেছেন, জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছেন—তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমরা দোয়া করি—আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং দেশকে এগিয়ে নিতে শক্তি দেন।”
দোয়া-মিলাদ অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান, মাওলানা আব্দুল সোবাহান, মাওলানা আব্দুল গনি, বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি আসাদুজ্জামান সোহাগ, জেলা ও উপজেলা ছাত্রশিবিরের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আগে ড. মাসুদ ২৮ নভেম্বর বাউফল পাবলিক মাঠে “জুলাই শহীদ স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান” সফল করতে সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, খেলার উদ্বোধন করবেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও ডাকসুর সাবেক জিএস এসএম ফরহাদ।