বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতায় যাওয়ার নেশায় একটি ইসলামী দল ভারসাম্য হারিয়েছে। তার ভাষায়, জামায়াতে ইসলামী কোনো স্বাধীন রাজনৈতিক শক্তি নয়, বরং তারা বিদেশি স্বার্থের অনুসারী দল হিসেবে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, বিএনপিকে নিজের পরিচয় বদলাতে হয় না, কারণ বিএনপির শিকড় এই দেশের মানুষের ভেতরেই গভীরভাবে প্রোথিত।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর রমনা কালি মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন,
“একটি সমাজে ভিন্ন ভিন্ন ধর্মবিশ্বাসী মানুষ একসাথে বসবাস করলে তাদের উৎসবগুলো সবার উৎসবে পরিণত হয়। উৎসব বিভাজনের দেয়াল তোলে না, বরং মিলন ও সৌহার্দ্যের সেতুবন্ধ গড়ে তোলে। এই দিনগুলোতে আমরা সবাই মিলে আনন্দ ভাগাভাগি করি।”
তিনি আরও বলেন, ধর্ম ভিন্ন হলেও আমাদের জাতিসত্তা এক। রবীন্দ্রনাথ, নজরুল, লালন—এই সবার উত্তরাধিকার আমাদের যৌথ। সেখানে কোনো ধর্মীয় সীমানা নেই। শেখ হাসিনা ক্ষমতার রাজনীতির জন্য বিভাজন তৈরি করেছিলেন, অথচ বাস্তবে বাংলাদেশের শক্তি হলো সব ধর্মের মানুষের ঐক্য। তাই নানা চক্রান্ত ব্যর্থ হয়েছে।
বিএনপির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনও ষড়যন্ত্র চলছে, অস্থিরতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। পূজার সময়ে এসব প্রচেষ্টা বেড়ে যায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,
“দেশের এক ইঞ্চি জমির প্রতি যদি কেউ কুনজর দেয়, তবে তার চোখ উপড়ে ফেলা হবে। এদেশে হিন্দু-মুসলিম কোনো বিভেদ নেই। আমাদের খাবার, পোশাক, সংস্কৃতি ও চিন্তাভাবনা একই।”