বিএনপির প্রতি সমবেদনা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তাদের জন্য মায়া হয়। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ভারতীয় একটি পত্রিকায় সাক্ষাৎকার দেওয়ার সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ, তাদের শরিক এমনকি জাতীয় পার্টিও যেন নির্বাচনে অংশ নেয়।
এ প্রসঙ্গে সারজিস প্রশ্ন তুলেছেন, মহাসচিব কি ভারতকে খুশি করে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছেন? তিনি তীব্র সমালোচনা করে লিখেছেন, হাজারো হত্যাকাণ্ড, লাখো মানুষের রক্তের হিসাব ভুলে যাওয়া হচ্ছে।
তিনি আরও লিখেছেন, বিএনপির জন্য আফসোস হয়, কারণ তারা গত ১৭ বছর ধরে শুধু বক্তব্য দিয়ে যাচ্ছে কিন্তু কোনো শিক্ষা নেয়নি। তিনি মনে করিয়ে দেন, গত ১৭ বছরে বিএনপি ও তাদের নেতাকর্মীদের কী পরিণতি হয়েছে তা ভেবে দেখা উচিত।
পোস্টের শেষ অংশে সারজিস আক্ষেপ করে লিখেছেন, “উপরি পাওনা পেলে মূল্য বোঝা বড় দায়।”