জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছানো বাংলাদেশের প্রতিনিধি দলের দুই সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার বিকেল ৩টার দিকে বিমানবন্দরে পৌঁছালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার ওপর হামলা চালায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে প্রবাসী আওয়ামী নেতাকর্মীরা এ হামলা সংগঠিত করে। এ সময় তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও গালিগালাজ করে। আকস্মিক এই হামলায় প্রতিনিধি দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর আগে, রোববার দিবাগত রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপি নেতা আখতার হোসেন, ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া প্রতিনিধি দলে যোগ দেওয়ার কথা রয়েছে জামায়াত নেতা ড. নকিবুর রহমান তারেকের।
প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।