জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার কারণেই আগামীতে মানুষ জামায়াতকে ভোট দেবে। তিনি দাবি করেন, জামায়াতের প্রতি জনগণের আস্থা রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে তাদের নিরঙ্কুশ বিজয়ই তার প্রমাণ।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর গোদাগাড়ীতে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘বিশ্ব নবীর জীবন ও কর্মনীতি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামীর গোদাগাড়ী পৌর ওলামা বিভাগ। সভাটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “আধুনিক ও কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য সৎ নেতৃত্ব অপরিহার্য। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) আধুনিক ও কল্যাণ রাষ্ট্রের রূপকার ছিলেন। তাঁর রাষ্ট্র পরিচালনার নীতি-আদর্শই আমাদের পথনির্দেশক, সেই আদর্শ অনুসরণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।”
সভায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী মহানগরের মাজলিসুল মুফাসসিরীনের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন গোদাগাড়ী পৌর ওলামা বিভাগের সভাপতি শায়খ আবু মুহাম্মদ বজলুর রহমান এবং সঞ্চালনা করেন মাওলানা ওবায়দুল্লাহ।
এছাড়া সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের আমির আব্দুল খালেক, রাজশাহী আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, গোদাগাড়ী পৌর আমির আনারুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মো. কামরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির নোমায়ন মাস্টারসহ স্থানীয় নেতাকর্মীরা।