জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী পদত্যাগ করেছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে স্বাক্ষরিত পদত্যাগপত্র শেয়ার করে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
জাতীয় পার্টির মহাসচিবের কাছে পাঠানো লিখিত পদত্যাগপত্রে পদত্যাগের কারণ স্পষ্টভাবে উল্লেখ না করলেও, সম্প্রতি দলের প্রেস উইংয়ের ব্যর্থতা ও দুর্বলতার কথা উল্লেখ করেছেন তিনি।

চিঠিতে তিনি লেখেন,
“আমি ২০১৮ সালের ৫ এপ্রিল জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে যোগ দেই। পল্লীবন্ধুর মৃত্যুর পর থেকে এ পর্যন্ত আপনার প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। জাতীয় পার্টির মতো একটি বড় দলের প্রেস উইং একাই সামলানোর চেষ্টা করেছি। তারপরও, সম্প্রতি উত্থাপিত জাতীয় পার্টির প্রেস উইংয়ের ব্যর্থতা ও দুর্বলতার দায় আমি এড়াতে পারি না।”
খন্দকার দেলোয়ার জালালী দায়িত্ব পালনকালে দলের নানা কর্মসূচি ও বার্তা গণমাধ্যমে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে জাতীয় পার্টির পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।