বাংলাদেশে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে। মঙ্গলবার (১৯ আগস্ট) দেয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনার নিন্দা জানান এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
বিবৃতিতে অড্রে আজুলে বলেন, “আমি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার নিন্দা জানাই এবং অবিলম্বে এর পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাই। স্থানীয় সমস্যাগুলো নিয়ে কাজ করা সাংবাদিকদের প্রতিশোধমূলক হামলা থেকে রক্ষা করতে হবে।
একইসঙ্গে সাংবাদিকদের ওপর হামলা বা হত্যার মতো অপরাধ হলে যেন অপরাধীরা শাস্তি ছাড়া পার না পায়, তা নিশ্চিত করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, সাংবাদিকদের নিরাপত্তা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ইউনেস্কো বরাবরই জোরালো অবস্থান নিয়ে আসছে। সংবাদমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।
প্রসঙ্গত, গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গত ৭ আগস্ট রাত ৮টার দিকে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন (৩৮) দুর্বৃত্তদের হামলায় নিহত হন। দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। নিহত তুহিনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।
এই হত্যাকাণ্ডে দেশজুড়ে সাংবাদিক মহলে নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে। স্থানীয় সাংবাদিকদের দাবি, দ্রুততম সময়ের মধ্যে এই হত্যার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?