জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পাঠ করা হয়েছে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’। বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এ ঘোষণাপত্র পাঠ করেন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে।
তবে এই অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত অংশ ছিল রাজনৈতিক সহনশীলতার বিরল দৃশ্য। প্রবল বৃষ্টির মধ্যে দেখা যায়—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশ্রয় নিয়েছেন জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ারের ছাতার নিচে।
একইভাবে শিবির সভাপতি জাহিদুল ইসলামের ছাতায় ছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ছাতার নিচে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম (চরমোনাই পীর)।
এই অনন্য মুহূর্তগুলো ধরা পড়ে ক্যামেরায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটিজেনদের অনেকে একে যুগান্তকারী বলেও আখ্যা দিয়েছেন। মতবিরোধ থাকলেও রাজনৈতিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ বজায় রাখার এমন উদাহরণ দেশের রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই ছবিগুলো শুধু ব্যক্তিগত সৌজন্যতার প্রতিফলন নয়, বরং একটি রাজনৈতিক বার্তা—ভিন্নমত থাকা স্বত্বেও একসাথে চলার মানসিকতা তৈরি হচ্ছে। ভবিষ্যতের রাজনীতিতে এই সহনশীলতা আরও প্রসার লাভ করলে গণতন্ত্র আরও সুদৃঢ় হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা।