বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “জুলাই অভ্যুত্থান কোনো মাস্টারমাইন্ড বা একক দল, গোষ্ঠী কিংবা ব্যক্তির নেতৃত্বে সংঘটিত হয়নি। এটি ছিল জনগণের আত্মপ্রবুদ্ধ জনতার অভ্যুত্থান।” মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
জাহিদুল ইসলাম বলেন, “যারা এই অভ্যুত্থানকে ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থে ব্যবহার করতে চায়, তারা মূলত এই ঐতিহাসিক ঘটনাকে অপমান করছে। যারা রক্ত দিয়েছে, রাজপথে লড়েছে, যারা শহীদ হয়েছে—তাদের আত্মত্যাগ কোনো দলীয় ব্যানারে সীমাবদ্ধ নয়। এ লড়াই ছিল ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে গোটা জাতির।”
তিনি আরও বলেন, “আজকে যারা রাজনৈতিক ফায়দা নিতে চাইছে, তাদের উদ্দেশে বলতে চাই—এই অভ্যুত্থান দেশের ছাত্র-জনতার। এখানে শিবির, ছাত্রদল, ছাত্রলীগ, সাধারণ ছাত্র—সবাই নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রেখেছে। তাই কেউ যেন এটিকে নিজের কৃতিত্ব হিসেবে তুলে ধরতে না আসে।”
জাহিদুল ইসলাম বলেন, “বাংলাদেশের ইতিহাসে ৫ আগস্ট শুধু একটি দিন নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে মানুষের সম্মিলিত লড়াইয়ের প্রতীক। এই দিনে যারা গুলি খেয়েছে, যারা বুক পেতে দিয়েছে, তারা চিরকাল ইতিহাসের পাতায় বেঁচে থাকবে। এখন প্রয়োজন এই অর্জনকে কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা।”
তিনি সকল রাজনৈতিক দল, সংগঠন ও জনগণকে আহ্বান জানান—এই ঐতিহাসিক পরিবর্তনকে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে না দেখে জাতির জয় হিসেবে দেখার। সেইসাথে তিনি জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চেতনা অটুট রাখার আহ্বান জানান।