জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য রেখেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তিনি বলেন, “১০ লাখ লোকের মিটিং করছে, একশো কোটি টাকা খরচ করছে। বাপের বেটা হইলে ভোটে আয়, ভোট কর। ভোটের বেলায় গলা চিপা দেস কেন?”
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনায় উপজেলা কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। জামায়াতের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা, রাজাকারদের অতীত ভূমিকা এবং বর্তমান অবস্থান নিয়ে বিস্ফোরক ভাষায় ক্ষোভ প্রকাশ করেন এই প্রবীণ রাজনীতিবিদ।
ফজলুর রহমান বলেন, “জামায়াত সম্পর্কে সাবধান। রাজাকার–আলবদর সম্পর্কে সাবধান। যারা মুক্তিযুদ্ধ অস্বীকার করে, যারা বলে দেশে যুদ্ধই হয়নি, তাদের সঙ্গে আর কোনো আপস চলে না। ছাত্রশিবির বলে, যারা যুদ্ধ করেছিল, তাদের আল্লাহর কাছে মাফ চাইতে হবে—এটা কেমন কথা?”
তিনি আরও বলেন, “আমি মুক্তিযোদ্ধা, আমি কমান্ডার ছিলাম। এখনো জীবিত আছি। প্রয়োজনে আবার যুদ্ধ হবে। রাজাকারের বাচ্চারা আমাদের ইতিহাস বিকৃত করবে, সেটা মেনে নেওয়া যাবে না।”
বিএনপির অভ্যন্তরীণ অবস্থান নিয়েও খোলামেলা মন্তব্য করেন ফজলুর রহমান। তিনি বলেন, “আমার নিজের দলও একসময় আমাকে ভুল বুঝেছিল। কিন্তু এখন বিএনপির ভেতর থেকেই আওয়াজ উঠছে—জামায়াত–শিবির–রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। ইটস বেটার লেট দ্যান নেভার।”
সম্মেলনে আরও বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় ও জেলা নেতারা। সভায় মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। নেতারা বলেন, জামায়াতের সঙ্গে আপস নয়, এবার চাই মুক্তিযুদ্ধের রাজনীতি।