তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরা। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মঙ্গলবার বিকেলে সঙ্গীতা মোড়ে বিক্ষোভ মিছিল করে হুঁশিয়ারি দিয়েছেন—তারেক রহমানকে নিয়ে আর একটিও অপমানজনক শব্দ বরদাশত করা হবে না। দলের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো সরাসরি ঘোষণা দিয়েছেন,
“তারেক রহমানকে নিয়ে বাজে কথা বললে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। রাজপথে যখন বিএনপি নামবে, সেদিন পালানোর জায়গা খুঁজে পাবেন না।”
সারা দেশে রাজনৈতিক ষড়যন্ত্র আর অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভে ভুট্টো আরও বলেন,
“বাজে মন্তব্য না করে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরুন। জনগণ যাকে ভোট দিবে, তাকে ক্ষমতায় আসতে দিন। কিন্তু ভোটে বাধা দিলে, মব তৈরি করে সহিংসতা ছড়ালে—তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
তিনি সাফ জানিয়ে দেন,
“আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। দেশের প্রশাসনিক দুর্বলতার সুযোগে শেখ হাসিনার ফ্যাসিবাদী প্রেতাত্মারা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালাচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছে। কিন্তু আমরা বসে থাকব না।”
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, খালিদ হাসান সুমন, রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, রাজিবুল ইসলাম রাজিব, মোহাসিন আলম, মোখলেছুর রহমান, বাচ্চু সহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। রাজপথে সক্রিয় উপস্থিতির মাধ্যমে তারা জানিয়ে দিয়েছেন—বিএনপির ওপর আঘাত এলে জবাব রাজপথেই আসবে।