সোহাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অভিযোগ করেছেন যে, একটি গুপ্ত সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে ছাত্রদলের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টি করার চেষ্টা করছে।
তিনি দাবি করেন, শিবিরের গুপ্ত কর্মীরা শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে কাজ করছে এবং মিটফোর্ডের হত্যাকাণ্ডকে ঘিরে অপপ্রচার চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রতি নেতিবাচক প্রভাব ফেলার চেষ্টা করছে।
সোমবার (১৪ জুলাই) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাছির উদ্দিন এসব কথা বলেন। তিনি বলেন, “গুপ্ত সংগঠনের কর্মীরা মব সৃষ্টি করে ছাত্রদলকে হেয় করার অপচেষ্টা করছে, যা কখনও সফল হবে না।”
তিনি আরও বলেন, “গত এক সপ্তাহে দেশে আরও কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে, তবে এসব হত্যাকাণ্ড নিয়ে গুপ্ত সংগঠন কিছু বলছে না। শুধু মিটফোর্ডের হত্যাকাণ্ড নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে।”
নাছির উদ্দিন বলেন, “এই ঘটনায় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও অপপ্রচার চালাচ্ছে, যা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা ছাড়া কিছু নয়।”
ছাত্রদলের সাধারণ সম্পাদক জানান, তারা কোনো ধরনের বিশৃঙ্খলা চান না, তবে নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য এই বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে। ছাত্রদল তাদের কার্যক্রমের মাধ্যমে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সব ধরনের চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে।
এদিন বেলা সাড়ে তিনটার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়, যা কাকরাইল, মৎস্য ভবন, প্রেসক্লাব, কার্জন হল, টিএসসি হয়ে শাহবাগ পর্যন্ত পৌঁছায়। মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগরসহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা অংশ নেন।