বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আরামানথা ক্রিস্টিয়ান নাসির। মঙ্গলবার (৩ জুন) ঢাকার সেনা সদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সাক্ষাৎকালে উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, কূটনৈতিক সহযোগিতা এবং সামরিক সংযোগকে কেন্দ্র করে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। তারা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে সামরিক ও নিরাপত্তা খাতে পারস্পরিক প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ কার্যক্রম পরিচালনার বিষয়ে দুই পক্ষ আগ্রহ প্রকাশ করে।
ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আরামানথা ক্রিস্টিয়ান নাসির জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “বাংলাদেশি শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রশংসিত।”
জেনারেল ওয়াকার-উজ-জামান ইন্দোনেশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন এবং প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্বকে আরও মজবুত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আগামী দিনে বাংলাদেশ-ইন্দোনেশিয়া প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।