ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বর্তমান সংসদে বিরোধী জোটের মধ্যে জাতীয় নাগরিক পার্টি তুলনামূলকভাবে বেশি সক্রিয় ভূমিকা রাখছে, আর বাংলাদেশ জামায়াতে ইসলামী কিছুটা দুর্বল মনে হচ্ছে। ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, তার পর্যবেক্ষণে এনসিপি সংসদে বেশি ‘ভোকাল’ এবং শক্ত বিরোধী অবস্থান তৈরির চেষ্টা করছে। অন্যদিকে জামায়াতের পারফরম্যান্স তুলনামূলকভাবে কম দৃশ্যমান বলে মনে হয়েছে। তিনি উল্লেখ করেন, এটি শুধু তার ব্যক্তিগত মত নয়, অন্যদের সঙ্গেও আলোচনায় একই ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন।
বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ আলোচনায় সরকারের আইনি যুক্তির বিপরীতে শক্ত প্রতিউত্তর দেখা যায়নি। তার মতে, বিরোধী দলে অভিজ্ঞ আইনজীবী থাকা সত্ত্বেও আরও জোরালো আইনি যুক্তি উপস্থাপন করা যেত।
তিনি আরও বলেন, রাজনীতিতে আবেগ গুরুত্বপূর্ণ হলেও সংসদীয় আলোচনায় তথ্যভিত্তিক ও যুক্তিনির্ভর বক্তব্য আরও বেশি প্রয়োজন।