বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শনিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে বলেন, এ ধরনের মন্তব্য গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
তিনি বলেন, জামায়াতকে রাজনৈতিকভাবে “নির্মূল” করার আহ্বান অসাংবিধানিক, অশোভন এবং অনভিপ্রেত। এমন বক্তব্য দায়িত্বশীল নেতার কাছ থেকে প্রত্যাশিত নয় এবং এটি অতীতের স্বৈরাচারী রাজনীতির ভাষার সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
গোলাম পরওয়ার দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষকে যুক্তি ও নৈতিকতার মাধ্যমে মোকাবিলা করতে ব্যর্থ হলেই এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়। তিনি সতর্ক করে বলেন, অতীতে নানা দমন-পীড়নের পরও জামায়াতকে নির্মূল করা যায়নি।
তিনি বিএনপি মহাসচিবকে এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে শালীন ও দায়িত্বশীল ভাষা ব্যবহার করা জরুরি।