মঈন উদ্দীন ,বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের দ্বিতীয় দিনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে শহরের রাজগুরু বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ অসংখ্য বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা খালি পায়ে পবিত্র জল বহন করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় ধর্মীয় গান, প্রার্থনা ও ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উজানী পাড়াস্থ সাঙ্গু নদীর তীরে গিয়ে বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠানে মিলিত হয়। সেখানে নদীর তীরে আয়োজন করা হয় সমবেত প্রার্থনা। প্রার্থনা শেষে ভক্তরা সারিবদ্ধভাবে একে একে বুদ্ধমূর্তির গায়ে ডাবের পানি ও চন্দন মিশ্রিত পবিত্র জল ঢেলে শ্রদ্ধা নিবেদন করেন। তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মানুসারীদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ. কেতু মহাথের। তিনি বলেন, সাংগ্রাই উৎসব আত্মশুদ্ধি, শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে, যা সকল মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পাশাপাশি পুরাতন বছরের সকল দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের প্রত্যাশায় বরণ করে নেওয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, সাংগ্রাই উৎসব মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব, যা নববর্ষকে স্বাগত জানানোর অংশ হিসেবে প্রতি বছর নানা আয়োজনে উদযাপিত হয়ে থাকে।