সাইফুল ইসলাম , কলাপাড়া (পটুয়াখালী):
পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দী জাল, বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ এবং একটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিজামপুরের একটি দল মহিপুর থানাধীন শিববাড়িয়া নদী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় অভিযান চালিয়ে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের ৬টি অবৈধ বেহুন্দী জাল, বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ এবং একটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত ট্রলিং বোট, মাছ ও জালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মিডিয়া কর্মকর্তা আরও জানান, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।