মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা):
ভোলার লালমোহন উপজেলার তিন কৃতি সন্তান বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।
সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে লালমোহনের সন্তান ইয়ামিন হোসেন (পিয়াস), মাজহারুল ইসলাম আসিফ ও এম ইসলাম জুয়েল উত্তীর্ণ হয়।
ইয়ামিন হোসেন (পিয়াস) ভোলা জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি ও লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানিগ্রামের বাসিন্দা এডভোকেট মোহাম্মদ ইউছুফ হোসেনের ছেলে।
পিয়াস ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে এলএলবি (অনার্স) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম (মাস্টার্স) সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ভোলা জেলা ও দায়রা জজ আদালতে প্রাকটিসরত আছেন।
মাজহারুল ইসলাম আসিফ লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ এলাকার অবসরপ্রাপ্ত সৈনিক মো. মজিবুর রহমানের ছেলে। আসিফ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এলএলবি (অর্নার্স) এবং এলএলএম (মাস্টার্স) সম্পন্ন করেছেন।
অপরদিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা এম ইসলাম জুয়েল বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।
তিনজনের এ সাফল্যে তাদের পরিবার ও এলাকাবাসী গর্বিত। তারা আইন পেশাকে সম্মানের পেশা উল্লেখ করে বলেন, সাধারণ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং মানুষের সেবা করার উদ্দেশ্যেই এ পেশায় আসা।
সমাজের সকল শ্রেণি পেশার মানুষদের যথাযথ আইনি সেবা পাওয়ার জন্য এবং ন্যায় বিচারের লক্ষ্যে সবসময় নিজেদের নিয়োজিত রাখবেন তারা।
এদিকে লালমোহনের এই তিন কৃতি সন্তান বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় লালমোহনের বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।