পটুয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পটুয়াখালী কার্যালয়।
সোমবার (৯ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পটুয়াখালী সদর থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাধঘাট এলাকায় জনি মিয়ার বাড়ির ভাড়াটিয়া মোসা. লিমা বেগম (২৮)-এর কক্ষে অভিযান চালানো হয়। তল্লাশিকালে তার পরিহিত সালোয়ারের পকেটে থাকা একটি ছোট ব্যাগ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া পুরাতন হাসপাতাল রোড এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে সোনিয়া বেগম (৩০)-এর কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় লিমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১০(ক) ও ১৯(ক) ধারায় পটুয়াখালী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন ডিএনসির উপপরিদর্শক এস. এম. শাহীন পারভেজ।
অন্যদিকে সোনিয়া বেগমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামিম নূর ইসলাম।
ডিএনসি জানিয়েছে, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।