তৃণমূল পর্যায়ে মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শুক্রবার কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং স্বাস্থ্য কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সভা এবং এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে এ সভা অনুষ্ঠিত হবে। তিনি জানান, হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংকটসহ নানা অবকাঠামোগত ও যান্ত্রিক সমস্যার বিষয়টি সভায় আলোচনা হয়েছে।
তিনি বলেন, হাসপাতালে ইসিজি মেশিন ও ডিজিটাল এক্স-রে সহ গুরুত্বপূর্ণ কিছু চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে। এসব সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন শতাধিক রোগী ভর্তি থাকেন এবং প্রতিদিন গড়ে প্রায় এক হাজার রোগী চিকিৎসাসেবা নেন।
এমপি হাসনাত আরও বলেন, চিকিৎসকদের আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত না করে তাদের ওপর অতিরিক্ত চাপ দেওয়া ঠিক নয়। চিকিৎসকদের জন্য বাসস্থান, পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগের বিষয়েও গুরুত্ব দিয়ে বলেন, ডাক্তারদের নির্ধারিত সময় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতালে উপস্থিত থাকতে হবে।
সভায় হাসপাতালের ভবন চারতলা করার পরিকল্পনা এবং প্রায় ছয় কোটি টাকার উন্নয়ন প্রকল্পের বিষয়েও আলোচনা হয়। এ সময় উপজেলা প্রশাসন ও হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।