সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়াড়ি চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৮২টি সিম কার্ড এবং ৬টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে চন্দ্রপুর এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। দীর্ঘক্ষণ নজরদারির পর একটি আস্তানা থেকে হাতেনাতে ৫ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে অনলাইনে অবৈধ জুয়া এবং অর্থ লেনদেনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
জেলা গোয়েন্দা পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেফতারকৃত ৫ জনের মধ্যে ৪ জনই স্থানীয় চন্দ্রপুর এলাকার বাসিন্দা। তবে এই চক্রের অন্যতম এক সদস্যের বাড়ি নোয়াখালী জেলার সুধনচর এলাকায়। পুলিশ জানায়, চক্রটি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে সমন্বয় করে এই অবৈধ নেটওয়ার্ক গড়ে তুলেছিল।
অভিযানস্থল থেকে পুলিশ যা উদ্ধার করেছে ৮২টি সিম কার্ড বিভিন্ন মোবাইল অপারেটরের এই সিমগুলো মূলত অবৈধ লেনদেন ও অ্যাকাউন্ট খোলার কাজে ব্যবহৃত হতো, ৬টি স্মার্টফোন জুয়া খেলার অ্যাপ পরিচালনা এবং যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে এগুলো ব্যবহার করা হতো।
লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন জুয়া বর্তমান সমাজের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই চক্রটি সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রচলিত জুয়া আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এই চক্রের মূল হোতাদের খুঁজে বের করতে তদন্ত আরও জোরদার করা হবে।