ঢাকা বিশ্ববিদ্যালয়–এর নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর ‘পুলিশি হামলার’ অভিযোগে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে শাহবাগ থানা–র সামনে এ কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে।
শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, সহপাঠীর ওপর বর্বর পুলিশি হামলার প্রতিবাদে এবং নিপীড়নের বিরুদ্ধে তারা এই কর্মসূচি পালন করবেন। তাদের দাবি, সংশ্লিষ্ট ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—ডিসি মাসুদসহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসের ভেতরে ও বাইরে অযাচিত পুলিশিং বন্ধ এবং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করা।
শিক্ষার্থীরা মনে করেন, শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত জরুরি। এ ঘটনায় প্রশাসনের সুস্পষ্ট ব্যাখ্যা ও কার্যকর পদক্ষেপ না এলে তারা আরও কঠোর কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। পরিস্থিতি ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।