ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের হয়ে ৩০টি আসনে অংশ নিয়ে ছয়টিতে জয় পাওয়ার পর স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলীয় সূত্র জানায়, যেসব আসনে তারা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, সেসব এলাকায় সংগঠন শক্তিশালী করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে ৩০টি আসনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং বিভিন্ন ক্যাম্পেইন চলছে।
এদিকে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ঘিরেও আলোচনা শুরু হয়েছে। এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী হতে পারেন—এমন গুঞ্জন রয়েছে। যদিও এ বিষয়ে দলীয়ভাবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়ছে।