মোঃ তাজুল ইসলাম, (সুবর্ণচর প্রতিনিধি)
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সহোদর দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার ২৬ এপ্রিল, বেলা ১১টার দিকে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ ঘটনা হয় বলে জানান চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ সরকার।
মৃত দুই শিশু হলো– জেলার কোম্পানীগঞ্জ উপজেলার গাংছিল গ্রামের কৃষক মহি উদ্দিনের মেয়ে রোকসানা আক্তার(৯) ও আফসানা আক্তার(৫)।
স্বজনরা জানায়, রোকসানা ও আফসানা তাদের বাবা মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকে। স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণিতে অধ্যয়নরত ছিল তারা। মাদরাসা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খামারের পুকুরে গোসল করতে যায় দুই বোন। এ সময় ছোট বোন আফসানা পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে বড় বোন রোকসানা এগিয়ে যায়। এক পর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়।
পরে স্বজনরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে এক বোনের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে জাল ফেলে আরেক বোনের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাদের স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত ঘোষণা করেন। দুই বোনের এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ সরকার।