বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যখন চরম সংকটাপন্ন, ঠিক সেই সময় তাকে দেখতে গিয়ে তীব্র মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (২৯ নভেম্বর) হাসপাতালে সাংবাদিকদের সামনে তিনি বলেন, “আল্লাহ যেন শেখ হাসিনার বিচার ও শাস্তি খালেদা জিয়াকে দেখে যাওয়ার সুযোগ দেন।”
তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আজকের এই অবস্থার মূল কারণ হচ্ছে অতীত সরকারের ‘অমানবিক আচরণ’। তিনি বলেন, “জেলে থাকা অবস্থায় তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। যারা চিকিৎসা করতে আসতেন, তাদেরও হয়রানি করা হতো। এভাবে তার স্বাস্থ্যের ক্রমাগত অবনতি ঘটেছে।” তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে সবাই যেন তার সুস্থতার জন্য দোয়া করে।”
এদিকে খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট ও নিউমোনিয়া দেখা দেওয়ার পর তাকে ভর্তি করা হয়। এর সঙ্গে তার কিডনি, লিভার, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসের পুরনো জটিলতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বেগম জিয়ার অবস্থার অবনতির খবরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতির পক্ষ থেকে পাঠানো বার্তায় দেশবাসীর কাছে তার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া চাওয়া হয়।
শুক্রবার (২৮ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও তার জন্য দোয়া চেয়ে বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নিয়মিত চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ রাখছেন বলেও জানান।
বর্তমানে রাজনৈতিক অঙ্গন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং দেশের সব শ্রেণির মানুষের মধ্যে একটি প্রত্যাশা—এই সংকট কাটিয়ে যেন খালেদা জিয়া আবার সুস্থ হয়ে ওঠেন।