জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপিসহ অন্য দলগুলো অন্তর্বর্তী সরকারের অংশ থাকলেও সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায়ভার বহন করতে হচ্ছে তার দলকে। তিনি অভিযোগ করেন, দেশের রাজনীতি এখন ব্যবসায়ীদের কাছে বন্দি হয়ে পড়েছে, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপ-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করছে। কিন্তু মিডিয়া ও সেনাবাহিনীর একটি অংশ বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের বিরুদ্ধে আমরাই লড়ছি, অনেকটা একা। আমরা সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলছি, এজন্য আমাদেরই বেশি দায় নিতে হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের চরিত্র হননের চেষ্টা চলছে। এ প্রসঙ্গে তিনি কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের সাক্ষাতের খবর প্রকাশের সমালোচনা করেন। তার দাবি, মিডিয়ায় বস্তুনিষ্ঠতা থাকা প্রয়োজন, কারণ জনগণ বিভ্রান্ত হলে গণতন্ত্রের জন্য তা বিপজ্জনক।
রাজনীতি ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার বিষয়টি তুলে ধরে হাসনাত বলেন, “রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকতে হবে। ব্যবসায়ী স্বার্থে যখন রাজনীতি বন্দি হয়ে পড়ে, তখন জনগণের স্বার্থ উপেক্ষিত হয়।”
নিজ দলের সীমাবদ্ধতা স্বীকার করে তিনি বলেন, “আমাদের অর্জনও আছে, ভুলও আছে। আমরা ভুলগুলো পর্যালোচনা করি এবং সংশোধনের চেষ্টা করি। জনগণের পরামর্শ নিয়েই আমরা বাংলাদেশপন্থি রাজনীতি চালিয়ে যাবো।”