আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি ছাড়া জাতীয় নির্বাচন এ দেশের মানুষ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (২৮ জুন) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ, আপনি যেন কারো প্রতি পক্ষপাত না করেন। জাতির স্বার্থে নিরপেক্ষ থাকবেন। ২ হাজার ছাত্র জনতার জীবন, হাজার হাজার মানুষের রক্ত, ফাঁসি, ক্রসফায়ারের এই সংগ্রাম আমরা ব্যর্থ হতে দেবো না। আপনাকে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।”
প্রধান উপদেষ্টার বক্তব্য ও বৈঠক নিয়ে সরাসরি সমালোচনা করে তিনি বলেন, “আপনি জাতির উদ্দেশে ভাষণে এক কথা বলবেন, আবার একটি দলের সাথে বৈঠকে গিয়ে আরেক কথা বলবেন— এতে আপনার নিরপেক্ষতা নষ্ট হবে। একটি নির্দিষ্ট দলের সাথে আলোচনা করে নিজের মত বদলানো ভালো লক্ষণ নয়।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে বিচার দৃশ্যমান করতে হবে। জনগণকে ন্যায়বিচার দিতে হবে। নতুন বাংলাদেশে অবশ্যই নতুন কাঠামো আর পদ্ধতিতেই সংস্কার ও নির্বাচন হতে হবে।”
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, “দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখা প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে। তাদের বাদ দিয়ে কোনো নির্বাচনী ব্যবস্থা গ্রহণযোগ্য হবে না।”
এসময় তিনি দ্রুত সময়ের মধ্যে “জুলাই সনদ” ঘোষণা ও বাস্তবায়নের আহ্বান জানান। বক্তৃতার শেষাংশে তিনি সকল ইসলামপন্থি দলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।