মঈন উদ্দীন , বান্দরবান
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের দায়িত্ব কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ইসলামী শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক মাওলানা ফরিদুল আলম বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান, হাফেজ মোহাম্মদ জাকারিয়া, কাশেম সওদাগরসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
তারা জানান, গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পরিষদের সভায় কেন্দ্রটির সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জানানো হয়, ২০১৬ সালে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদ্রাসার অধীনস্থ বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের দায়িত্ব তিনটি শর্তসাপেক্ষে মাওলানা হোসাইন আহমেদ সাদেককে প্রদান করা হয়েছিল।
তবে তিনি উক্ত শর্তসমূহ যথাযথভাবে পালন করতে ব্যর্থ হওয়ায় আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার শুরা কমিটি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে। পরবর্তীতে মাওলানা ফরিদুল আলমকে সহকারী পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থেই এ পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ সংক্রান্ত সিদ্ধান্তসমূহ লিখিতভাবে বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়েছে। পত্রের অনুলিপি সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের কাছেও প্রেরণ করা হয়েছে।