মাহিনুর ইসলাম , বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (পহেলা বৈশাখ) সকাল ১১টায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল— ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।
শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। বর্ণিল সাজসজ্জা, ঐতিহ্যবাহী মুখোশ ও গ্রামীণ সংস্কৃতির উপস্থাপনায় শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
শোভাযাত্রা শেষে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে এবং উৎসব উদযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব ও সম্মিলিত সাংস্কৃতিক জোট বড়লেখার প্রচার ও প্রকাশনা সম্পাদক হানিফ পারভেজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বড়লেখা উপজেলা, তারুণ্য নাট্যগোষ্ঠী, নাট্যযোদ্ধা সিলেট, নজরুল একাডেমি, পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটার, রূপায়ন নাট্যদল, বাঙালি বাউল শিল্পীগোষ্ঠী, বড়লেখা উপজেলা বাউল শিল্পী সংগঠন, আদিবাসী শিল্পীগোষ্ঠী, শ্রুতিনন্দন একাডেমি, প্রথমা সংগীত একাডেমি ও বাউলা তপু ধামাইল সংঘ।
বৈশাখী এ আয়োজনে বড়লেখাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন বছরকে বরণ করে নিতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।