আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার কাদরা ইউনিয়নের মধ্য কাদরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম। অভিযান সূত্রে জানা যায়, স্থানীয় জ্বালানি তেল ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়া খুচরা বাজারে সরবরাহ না করে নিজের বাড়িতে বিপুল পরিমাণ তেল মজুদ করে রাখেন।
গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তার বাড়িতে অভিযান চালিয়ে ড্রামে সংরক্ষিত অবস্থায় ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রোল জব্দ করে। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,
২০০৯-এর ৪৫ ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম বলেন, জব্দ করা তেল বুধবার মাইকিং করে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। অবৈধভাবে তেল মজুদকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।