মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঝুঁকিপূর্ণ পরিবহন নিয়ন্ত্রণের দাবিতে তাকওয়া পরিবহন বন্ধের দাবিতে শনিবার একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে চৌরঙ্গী এলাকার নিচে বিভিন্ন সামাজিক সংগঠন ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাকওয়া পরিবহন গাজীপুরে “মরণঘাতী” পরিবহন হিসেবে পরিচিত হয়ে উঠেছে। অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা এবং ট্রাফিক আইন অমান্য করায় এই পরিবহন বারবার দুর্ঘটনার শিকার করছে সাধারণ মানুষকে। তাদের দাবি, বারবার দুর্ঘটনা ঘটলেও পরিবহনটি বন্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি প্রশাসন।
সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, শুধু তাকওয়া পরিবহনই নয়, শহরের বিভিন্ন সড়কে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলও দুর্ঘটনা বাড়াচ্ছে। এসব অটোরিকশা আইন অমান্য করে নির্বিচারে চলাচল করছে, যা সড়ককে আরও অনিরাপদ করে তুলছে। দ্রুত এসব যানবাহন নিয়ন্ত্রণে আনার দাবি জানান তারা।
সমাবেশ চলাকালে পুলিশ ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেয়। পুলিশের আশ্বাস পাওয়ার পর সমাবেশ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। আন্দোলনকারীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
গাজীপুরে এই বিক্ষোভ সড়ক নিরাপত্তা ইস্যুকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে।