মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে হাবিবুর রহমান (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান কুড়িগ্রাম জেলার চিলমারী থানার দাওয়াইটারি এলাকার মৃত বাবলু মিয়ার ছেলে। তিনি স্থানীয় মো. আনোয়ার হোসেনের ৫ তলা একটি নির্মাণাধীন ভবনে দিনমজুর হিসেবে কাজ করতেন।
জানা যায়, কাজের সময় তিনি ভবনের ৫ম তলায় রড বাঁধার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন।
পরে সহকর্মীরা দ্রুত তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ টঙ্গী পূর্ব থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।