রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে সিএনজিচালিত অটোরিকশা ও একটি মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে পুলিশ জানিয়েছে, তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। নিহত নারীর বয়স আনুমানিক ৩২ বছর এবং শিশুটির বয়স ছয় থেকে সাত বছর।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে নবীনগরে নিজ বাড়িতে ফিরছিল একটি পরিবারের চার সদস্য। পথে বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।
এ সময় অটোরিকশা চালক, নিহত নারীর শাশুড়ি এবং তার মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে