মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে রনি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার বসতবাড়ি থেকে দুটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে এ অভিযান পরিচালিত হয়। সোমবার মোল্লাকান্দি আর্মি ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মোল্লাকান্দি আর্মি ক্যাম্পের একটি টহল দল এলাকায় তল্লাশি অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন রনিকে আটক করা হয় এবং তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপজ্জনক ককটেল ও সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতকে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে এবং সম্ভাব্য সহযোগীদের শনাক্তে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানান, মোল্লাকান্দি এলাকায় সাম্প্রতিক সময়ে সন্ত্রাসবিরোধী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত ও অশান্তি প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।