পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কলেজছাত্রী। প্রেমিকের সঙ্গে ফোনে কথা কাটাকাটির জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
রবিবার (১১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে পায়রা সেতু এলাকায় এ ঘটনা ঘটে। পরে লেবুখালী সেনানিবাসের সেনা সদস্যদের সহায়তায় স্থানীয় জেলেদের নৌকা ব্যবহার করে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কলেজছাত্রীর নাম তানজিলা। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রাথমিকভাবে তাকে লেবুখালীর ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, তানজিলার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায়। তার প্রেমিক সজিব একই এলাকার বাসিন্দা এবং বর্তমানে রংপুর সেনানিবাসে কর্মরত। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক নিয়ে পারস্পরিক মতবিরোধের জেরে অভিমান করে তানজিলা আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি পরিবারের সদস্যদের।
এ বিষয়ে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীর পরিবারকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।