“আপনারা শুক্রবারের চেয়ারম্যান নির্বাচন করবেন না।”— এমন আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, “জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখাই একজন জনপ্রতিনিধির দায়িত্ব। মেহমান এমপি বা মেহমান চেয়ারম্যান জনগণ চায় না।”
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী বাজারে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. রিপন বলেন, “টঙ্গীবাড়ী ও লৌহজং— এই দুটি উপজেলা আমার নির্বাচনী এলাকা। আমি চাই জনগণ যেন ঢাকায় না গিয়ে স্থানীয়ভাবে তাদের এমপিকে পায়। এমপি যদি সপ্তাহে পাঁচ দিন এলাকায় থাকেন, তাহলে ইউনিয়ন ও উপজেলা চেয়ারম্যানদেরও এলাকায় থাকতে হবে।”
তিনি আরও বলেন, “চেয়ারম্যানদের সন্তানরা স্থানীয় স্কুলে পড়ুক, তারা স্থানীয় বাজারে কেনাকাটা করুক, জনগণের সঙ্গে মিশে থাকুক— তাহলেই প্রকৃত জনসম্পৃক্ততা গড়ে উঠবে। আমি যেমন মেহমান এমপি হব না, তেমনি কাউকেও হতে দেব না।”
নদীভাঙন পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “প্রতিবছর নদীভাঙনে বহু মানুষ নিঃস্ব হচ্ছে। এর অন্যতম কারণ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন। এসব ভূমিদস্যুকে ছাড় দেওয়া হবে না।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় তাতী দলের যুগ্ম আহ্বায়ক আশিক খান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক সুমন হালদার, টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।