মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা প্রতিনিধিঃ
ভোলার ভেদুরিয়া লঞ্চঘাট এলাকা থেকে হারিয়ে যাওয়া মোসাঃ রেহানা (০৬) নামের এক শিশুকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ রবিবার (১৩ জুলাই ২০২৫) দুপুর ৩টায় রুটিন টহলের সময় শিশুটিকে খুঁজে পান নৌবাহিনীর সদস্যরা।
নৌবাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় শিশুটি বরিশাল জেলার কাশিপুর ইউনিয়নের তেতুলতলা এলাকার বাসিন্দা এবং স্থানীয় নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। এরপর নৌবাহিনীর গোয়েন্দা তৎপরতার মাধ্যমে শিশুটির পরিবারকে শনাক্ত করা হয়।
পরবর্তীতে ভিডিও কলের মাধ্যমে স্থানীয় প্রতিনিধির সহযোগিতায় শিশুটির মায়ের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয়।
শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে বিকাল ৪টায় সহকারী লেফটেন্যান্ট মাহাবুবুর রহমান (পি নং ৪০০৪) এর নেতৃত্বে ৪ সদস্যের একটি দল ভেদুরিয়া থেকে এম এল দিপু লঞ্চযোগে বরিশাল রওনা দেয়।
রাত ৮টা ১০ মিনিটে বরিশাল জেলার কোতোয়ালি থানার পুলিশের উপস্থিতিতে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সন্তানকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশ নৌবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ নৌবাহিনী জানায়, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে তারা নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। অপরাধ দমন ও জনহিতকর কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।